ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে সংগঠনের সাবেক সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাবেক সহ সভাপতি মরহুম সংগ্রামী জননেতা মাওলানা শফিকুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) জেলা পরিষদ ডাকবাংলো অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ছাত্রনেতা সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সিয়াম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ মাওলানা দ্বীন ইসলাম বলেন, “মাওলানা শফিকুল ইসলাম ছিলেন একজন আদর্শবান, ত্যাগী ও সংগ্রামী নেতা। তিনি ইসলামী আন্দোলনের আদর্শ প্রতিষ্ঠায় আজীবন কাজ করেছেন। তাঁর জীবন থেকে বর্তমান প্রজন্মের কর্মীদের শিক্ষা গ্রহণ করে সমাজ ও রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সদ্য সাবেক মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মুহাম্মাদ শফিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি মুহাম্মাদ মামুনুর রশীদ, আব্দুল হান্নান এবং সংগঠনের সাবেক সহ সভাপতি মাওলানা আব্দুর রশিদ।
বক্তারা মরহুম মাওলানা শফিকুল ইসলামের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি ছিলেন একজন সৎ, সাহসী ও নিবেদিতপ্রাণ সংগঠক। ইসলামী আন্দোলনের আদর্শ বাস্তবায়নে তাঁর অবদান নারায়ণগঞ্জের রাজনৈতিক ও সাংগঠনিক অঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে।
আলোচনা সভা শেষে মরহুম মাওলানা শফিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জেলা ও মহানগরের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

