নারায়ণগঞ্জের ফতুল্লার ঐতিহ্যবাহী হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে সুবর্ণ জয়ন্তী ও মিলনমেলার দ্বিতীয় পর্ব উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের আয়োজনে নারায়ণগঞ্জের অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, অতিথি ও আয়োজকদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী আহমদ হোসেন। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন্নেছা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিনতি বসাক, নুরুল হক দুলাল, কামাল হোসেন, জাকির মাহমুদ খান, সৈয়দ হুমায়ুন জাকির মিলন, আফরোজা সুলতানা রনি এবং মো. ওসমান।
দিনব্যাপী আয়োজনের শুরুতে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা হয়। পরে সবাই নির্ধারিত ভেন্যুর উদ্দেশ্যে রওনা হন। সেখানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এরপর পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, আনুষ্ঠানিক উদ্বোধন এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
পরে অতিথিদের শুভেচ্ছা বক্তব্যের পাশাপাশি বিদ্যালয়ের বর্তমান ও অবসরপ্রাপ্ত কৃতি শিক্ষকদের সম্মাননা জানানো হয়। শিক্ষার্থীদের পরিবেশনায় নৃত্য, সংগীত ও কৌতুক দর্শকদের মুগ্ধ করে। মধ্যাহ্নভোজের পর শিক্ষার্থীরা অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কের বিভিন্ন রাইড ও বিনোদনমূলক আয়োজনে অংশ নিয়ে আনন্দঘন সময় কাটায়। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এই মিলনমেলার সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, বিদ্যালয়ের বন্ধু, শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে এমন আনন্দঘন আয়োজন তাদের জীবনের স্মরণীয় একটি অভিজ্ঞতা হয়ে থাকবে। বিদ্যালয়ের গণ্ডির বাইরে সবাইকে নিয়ে একসঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন।
আয়োজকরা জানান, সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য, নেতৃত্বের বিকাশ এবং বিদ্যালয়ের প্রতি ভালোবাসা আরও দৃঢ় করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষা, সংস্কৃতি ও বিনোদনভিত্তিক এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

