সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে দুই মাসে দীর্ঘ বিরতি, প্রকাশিত ছুটির পঞ্জিকা বিশ্লেষণে তথ্য
আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাসে নারায়ণগঞ্জসহ সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে মোট ২৩ দিন বন্ধ থাকবে। ফলে এই দুই মাসে শিক্ষক ও শিক্ষার্থীরা মোট ৩৮ দিন শ্রেণি কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির পঞ্জিকা বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
ছুটির তালিকা অনুযায়ী, আগস্ট মাসে মোট ১২ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর মধ্যে ৯ দিন সাপ্তাহিক ছুটি এবং ৩ দিন সরকারি ছুটি। সরকারি ছুটিগুলো হলো ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী।
এ মাসে মোট ১৯ দিন শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে।
অন্যদিকে, সেপ্টেম্বর মাসে সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে মোট ১১ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ মাসেও ১৯ দিন শ্রেণি কার্যক্রম চলবে।
তবে প্রাকৃতিক দুর্যোগ, প্রতিকূল আবহাওয়া কিংবা অন্য কোনো বিশেষ পরিস্থিতি সৃষ্টি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী অতিরিক্ত বা ঐচ্ছিক ছুটি ঘোষণা করা হতে পারে।
শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, নির্ধারিত কর্মদিবসগুলোতে পাঠদান কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করা হলে নির্ধারিত শিক্ষাসূচি বাস্তবায়ন সহজ হবে। তবে অতিরিক্ত ছুটি ঘোষণা হলে সে অনুযায়ী শ্রেণি কার্যক্রমে পরিবর্তন আসতে পারে।

