নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় এক শিক্ষকের বাড়িতে ভোররাতে মুখোশধারী দুর্বৃত্তদের হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, ৬ থেকে ৭ জন মুখোশধারী দুর্বৃত্ত বাড়িতে ঢুকে শিক্ষকের বৃদ্ধ বাবাকে কুপিয়ে গুরুতর আহত করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। তবে পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে ডাকাতি নয়, চুরির ঘটনা বলে ধারণা করছে।
বুধবার (২৯ জুলাই) ভোর প্রায় ৪টার দিকে ফতুল্লার দেলপাড়া ক্যানেলপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আলী হোসেন (৬৫) স্থানীয় একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক আমির হোসেনের বাবা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তার মাথায় প্রায় ২০টি সেলাই দিয়েছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
শিক্ষক আমির হোসেন জানান, ভোররাতে ৬ থেকে ৭ জন মুখোশধারী দুর্বৃত্ত কলাপসিবল গেটের তালা কেটে ঘরে প্রবেশ করে। শব্দ পেয়ে তার বাবা আলী হোসেন এগিয়ে গিয়ে তাদের পরিচয় জানতে চাইলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েন।
তিনি আরও জানান, এরপর দুর্বৃত্তরা তার মা ফরিদা বেগমের গলা থেকে স্বর্ণের চেইন খুলে নেয়। পরে ঘরের আলমারি তছনছ করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। প্রায় ৪০ মিনিট ধরে তারা বাড়ির ভেতরে অবস্থান করে। এ সময় রক্তাক্ত আলী হোসেনকে চিকিৎসার সুযোগও দেওয়া হয়নি। দুর্বৃত্তরা চলে যাওয়ার পর প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আমির হোসেন বলেন, ঘটনার সময় বাড়িতে তার বাবা-মা ছাড়া আর কেউ ছিলেন না। কী পরিমাণ টাকা ও স্বর্ণালংকার খোয়া গেছে, তা হিসাব করে থানায় মামলা করা হবে।
এদিকে, ঘটনার বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিক তদন্তে এটি ডাকাতির ঘটনা বলে মনে হয়নি। ধারণা করা হচ্ছে, দুই থেকে তিনজন ব্যক্তি গেটের তালা ভেঙে ঘরে প্রবেশ করেছিল এবং তেমন কিছু নিয়ে যেতে পারেনি। আলী হোসেনের মাথায় কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। একই সঙ্গে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

