নারায়ণগঞ্জ, ২৯ জুলাই ২০২৬:
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির বিদ্যমান রাজনৈতিক জোট পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আবিদ রহমান।
বুধবার (২৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, জুলাইয়ের চেতনা, অস্তিত্ব ও আন্দোলনের শক্তিকে সমুন্নত রাখার লক্ষ্যেই জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির রাজনৈতিক জোট গঠিত হয়েছিল। কিন্তু হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার মতো গুরুতর ঘটনার পরও জামায়াতের প্রকাশ্য নীরবতা হতাশাজনক এবং প্রশ্নবিদ্ধ।
বিবৃতিতে আবিদ রহমান বলেন, “জুলাইয়ের অস্তিত্ব ও জুলাইকে জীবিত রাখার জন্য জামায়াতের সঙ্গে এনসিপি জোট করেছিল। সেই জুলাইয়ের সর্বোচ্চ শক্তি, কেন্দ্রীয় নেতাদের ওপর হবিগঞ্জে হামলার পরও জামায়াত কেন নীরব, তা আমার বোধগম্য নয়। এরপরও এনসিপি কেন এই জোট ধরে রেখেছে, সেটিও বুঝতে পারছি না। এনসিপির মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে জামায়াত। এখন জোট ভাঙার সময় এসেছে। যে জোট জুলাইয়ের শক্তির পাশে দাঁড়ায় না, সেই জোটের কোনো যৌক্তিকতা নেই।”
তিনি আরও বলেন, হবিগঞ্জে হামলার ঘটনায় দায়ীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জুলাইয়ের চেতনা ও আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত রাজনৈতিক শক্তিগুলোর প্রতি পারস্পরিক দায়বদ্ধতা ও সংহতি বজায় রাখার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে দেশব্যাপী রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানানো হচ্ছে।

