নারায়ণগঞ্জ বন্দরের নবীগঞ্জ ও নোয়াদ্দা এলাকায় চলমান খাল খননকাজে বাধা প্রদানকারী এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আলহাজ্ব আবুল কাওসার আশা। একই সাথে অবৈধ দখলদারদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বেচ্ছায় সরকারি জমি ও খাল ছেড়ে দেওয়ার চূড়ান্ত আল্টিমেটাম দিয়েছেন তিনি।
৩০ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে ওই এলাকার খাল খননকাজ পরিদর্শন শেষে স্থানীয় জনগণের উপস্থিতিতে আয়োজিত এক সমাবেশে তিনি এই কড়া বার্তা দেন।
পরিদর্শনকালে আবুল কাওসার আশা পরিষ্কার ভাষায় জানিয়ে দেন, সমাজের প্রভাবশালী বা বিত্তশালীরা যতই ক্ষমতাধর হোন না কেন, সরকারি জমি ও জনস্বার্থের খাল দখলের কোনো সুযোগ দেওয়া হবে না। সমাবেশে তিনি বলেন ”এ দেশের গরিব মানুষ কখনো খাল বা সরকারি সম্পত্তি দখল করে না। যারা ভূমিদস্যু এবং সমাজের তথাকথিত প্রভাবশালী, তারাই সিন্ডিকেট করে খাল ও সরকারি জমি দখল করে রেখেছেন। নিজ উদ্যোগে যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব অবৈধ স্থাপনা ও দখল সরিয়ে নেওয়া না হয়, তবে প্রশাসনের সহায়তায় খুব শীঘ্রই কঠোর উচ্ছেদ অভিযান চালানো হবে।”
বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন যে, রাষ্ট্রনায়কের সুনির্দিষ্ট নির্দেশ যথাযথভাবে মেনে চলাই তাদের মূল নীতি। ধনী-গরিব নির্বিশেষে আইনের চোখে সবাই সমান। তাই দলমত নির্বিশেষে সামাজিক ও রাজনৈতিক পরিমণ্ডলের সবাইকে নিয়ে তারা একটি সুন্দর ও দখলমুক্ত এলাকা গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে বদ্ধপরিকর। নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ স্থাপনা না সরালে কোনো প্রকার তদবির বা সুপারিশ আমলে নেওয়া হবে না বলেও জানান তিনি।
এদিকে সরকারি খাল উদ্ধারে প্রশাসনের এমন কঠোর অবস্থান ও আশার এই ঘোষণায় নবীগঞ্জ ও নোয়াদ্দা এলাকার স্থানীয় সাধারণ মানুষের মাঝে স্বস্তি নেমে এসেছে। সমাবেশ ও পরিদর্শনকালে উপস্থিত বিপুল সংখ্যক এলাকাবাসী অবৈধ খাল উদ্ধারের এই কার্যক্রমে পূর্ণ সমর্থন ও সন্তোষ প্রকাশ করেন।

