এনসিপি গঠন করে বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করা হচ্ছে, অথচ প্রকাশ্যে নীতির কথা বলা হচ্ছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। তিনি বলেন, “এনসিপি তৈরি করে আপনারা বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিচ্ছেন, আর ওপর দিয়ে নীতির কথা বলছেন। এসব নাটক অভিনয় বন্ধ করুন। সাবধান হয়ে যান। বাংলাদেশের ২০ কোটি মানুষ যখন দাঁতভাঙা জবাব দেওয়া শুরু করবে, তখন শেখ হাসিনা যেমন হেলিকপ্টারে পালিয়েছিল, আপনারা নৌকায় করে পালানোর সুযোগও পাবেন না।”
শনিবার (১ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ রাজনীতিবিদদের সম্পর্কে এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারী ও অন্যান্য নেতাদের বক্তব্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
টিপু বলেন, “তারেক রহমান ও তাঁর পরিবার নিয়ে কথা বলার আগে ইতিহাস জানতে হবে। তারেক রহমানের পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। তারেক রহমানও দুই দশকের বেশি সময় ধরে রাজনীতির বাস্তব অভিজ্ঞতা অর্জন করে আজ দেশ পরিচালনা করছেন। সিলেটের জনগণ সামান্য জবাব দেওয়াতেই আপনারা ভয় পেয়ে যাচ্ছেন। আপনাদের মতো নেতাদের বক্তব্যের প্রতিবাদ করা আমাদের রুচিতে বাধলেও, বেয়াদবি বন্ধ না করলে এ দেশের জনগণই কঠোর জবাব দেবে।”
জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “জুলাই আন্দোলন শুধু এনসিপি একা করেনি। এতে বিএনপি, ২০ দলীয় জোট এবং সাধারণ খেটে খাওয়া মানুষ রক্ত দিয়েছে। যখন ডিবি কার্যালয়ে আন্দোলন থামিয়ে দেওয়ার চেষ্টা চলছিল, তখন লন্ডন থেকে আমাদের নেতা তারেক রহমান আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন এবং শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার আহ্বান জানিয়েছিলেন। আজ তারেক রহমানের বিরুদ্ধে কথা বলে নিজেদের হিরো বানানোর চেষ্টা করবেন না।”
এর আগে বিকেলে শহরের মিশনপাড়া এলাকার হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ২ নম্বর রেলগেট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশ ও বিক্ষোভ মিছিলে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন, আনোয়ার হোসেন আনু, সদস্য আওলাদ হোসেন, অ্যাডভোকেট রফিক, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা এবং মহানগর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

