বর্তমান সরকারের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ, প্রধানমন্ত্রীর প্রতি কটূক্তির প্রতিবাদ এবং জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে নারায়ণগঞ্জে পথসভা ও মশাল মিছিল করেছে মহানগর যুবদলের সাবেক নেতাকর্মীরা।
মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত পথসভা শেষে একটি মশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পথসভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। তিনি বলেন, “মাত্র ছয় মাস আগে দেশের জনগণ তাদের স্বাধীন মতামতের মাধ্যমে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। দীর্ঘ ১৭ বছরে ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রকে পুনর্গঠনে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বোচ্চ চেষ্টা করছেন। এ সময়ে দেশের সকল রাজনৈতিক দল ও জনগণের উচিত সরকারের পাশে দাঁড়ানো।”
তিনি অভিযোগ করেন, বিরোধী রাজনৈতিক দলগুলো গঠনমূলক সহযোগিতার পরিবর্তে কুৎসা ও কটূক্তির মাধ্যমে জাতিকে বিভক্ত করার চেষ্টা করছে। এতে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের সুযোগ তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
খোরশেদ বলেন, “আমরা কারও বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণে বিশ্বাসী নই। অযথা বিরোধিতা না করে দেশ পুনর্গঠনে সবাইকে সহযোগিতা করতে হবে। ভারত থেকে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার যে কোনো অপচেষ্টা জনগণ ঐক্যবদ্ধভাবে রুখে দেবে।”
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতা হত্যার সঙ্গে জড়িতদের দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে জুলাইয়ের বীর যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
পথসভা ও মশাল মিছিলে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক নেতৃবৃন্দ হাজী শাহীন, নুরুল হক চৌধুরী দিপু, জয়নাল আবেদীন, আনোয়ার মাহমুদ বকুল, মনির সর্দার, মমতাজ উদ্দিন মন্তু, নাজমুল কবির নাহিদ, রানা মুজিব, শওকত খন্দকার, আমির হোসেন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, ইকবাল হোসেন, জুয়েল রানা, তুষার আহমেদ, সুমন ভূঁইয়া, আক্তার হোসেন, দুলাল মিয়া, নুরুজ্জামান, রানা মুন্সি, মো. মুসা, জুলহাস, মো. মিঠু, নুরুল্লাহ খন্দকারসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
দ্রষ্টব্য: প্রতিবেদনে যেসব বক্তব্য ও অভিযোগ রয়েছে, সেগুলো বক্তার বক্তব্য হিসেবে উপস্থাপন করা হয়েছে। এসব দাবির বিষয়ে স্বাধীনভাবে যাচাই বা সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য এখানে অন্তর্ভুক্ত করা হয়নি।

