সরকারি তোলারাম কলেজে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘটিত ধাওয়া পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সরকারি তোলারাম কলেজ শাখা। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে ৫ দফা দাবি জানিয়েছে সংগঠনটি।
বুধবার (৫ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে তোলারাম কলেজ শাখা ছাত্র ফেডারেশনের আহ্বায়ক রাইসা ইসলাম এবং সদস্য সচিব মুন্নি আক্তার প্রত্যাশা যৌথভাবে এ নিন্দা জানান।
বিবৃতিতে তারা বলেন, যে তোলারাম কলেজের শিক্ষার্থীরা জুলাই অভ্যুত্থানে সাহসিকতার সঙ্গে অংশ নিয়েছিল এবং যেখানে চারজন শিক্ষার্থী শহীদ হয়েছেন, সেই ক্যাম্পাসে পেশিশক্তির প্রদর্শন, সহিংসতা ও রক্তপাতের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। শহীদদের স্বপ্ন ছিল বৈষম্যহীন, গণতান্ত্রিক ও নিরাপদ শিক্ষাঙ্গন প্রতিষ্ঠা করা। তাই সেই আদর্শের পরিপন্থী যেকোনো সহিংসতা নিন্দনীয়।
তারা আরও বলেন, রাজনৈতিক বা আদর্শিক মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু সেই মতপার্থক্যকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ানো, ক্যাম্পাসকে অস্থিতিশীল করা এবং সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ নষ্ট করে এবং শিক্ষার্থীদের মধ্যে ভয় ও অনিশ্চয়তা সৃষ্টি করে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, শিক্ষা প্রতিষ্ঠান কোনো রাজনৈতিক আধিপত্য বিস্তার বা শক্তি প্রদর্শনের জায়গা নয়। এটি মুক্তচিন্তা, সহনশীলতা ও গণতান্ত্রিক চর্চার ক্ষেত্র। তাই ক্যাম্পাসে শান্তিপূর্ণ সহাবস্থান ও সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।
এ ঘটনায় ছাত্র ফেডারেশন ৫ দফা দাবি উত্থাপন করেছে। দাবিগুলো হলো:
১. সরকারি তোলারাম কলেজে সংঘটিত ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
২. ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় সক্রিয় সব ছাত্র সংগঠনকে নিয়ে ‘পরিবেশ পর্ষদ’ গঠন করতে হবে।
৩. সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত ক্লাস ও পরীক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে।
৪. শিক্ষা প্রতিষ্ঠানে পেশিশক্তির প্রদর্শন, সহিংসতা ও আধিপত্য বিস্তারের রাজনীতি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
৫. সকল ছাত্র সংগঠনকে সংযম প্রদর্শন করে সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে উদ্যোগী হতে হবে।
প্রেস বিজ্ঞপ্তিতে বার্তা প্রেরক হিসেবে স্বাক্ষর করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সরকারি তোলারাম কলেজ শাখার দপ্তর সদস্য সিয়াম সরকার।

