ডেস্ক রিপোর্ট: শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করেছে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা প্রশাসন। এ সংক্রান্ত একটি পরিপত্র জারির পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, নারায়ণগঞ্জসহ দেশের অন্যান্য জেলাতেও কি এমন সিদ্ধান্ত কার্যকর হতে পারে?
জানা গেছে, সিরাজদিখান উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ গত ২৬ জুলাই এ নির্দেশনা জারি করেন। পরিপত্রটি উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো হয়েছে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও এতে উল্লেখ করা হয়েছে।
গণমাধ্যমকে ইউএনও রুম্পা ঘোষ জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করে তোলা এবং শ্রেণিকক্ষের শৃঙ্খলা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ফোনের প্রতি আসক্তি উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এর ফলে তাদের লেখাপড়া, মনোযোগ ও শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এতে আরও বলা হয়, শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা প্রয়োজন। পাশাপাশি শ্রেণিকক্ষে শিক্ষকরা মোবাইল ফোন ব্যবহার করলে পাঠদানে বিঘ্ন ঘটে এবং শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট হয়। তাই ক্লাস চলাকালে শিক্ষকদেরও মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
পরিপত্র অনুযায়ী, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ বন্ধ এবং ক্লাস চলাকালে শিক্ষকদের মোবাইল ব্যবহার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, এই সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। কেউ এটিকে শিক্ষার মান ও শৃঙ্খলা রক্ষায় সময়োপযোগী উদ্যোগ হিসেবে দেখছেন, আবার কেউ জরুরি প্রয়োজনে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের বিষয়টি বিবেচনায় রেখে বিকল্প ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা বলছেন।
প্রশ্ন এখন একটাই, মুন্সিগঞ্জের পর নারায়ণগঞ্জসহ দেশের অন্য জেলাগুলোতেও কি এমন সিদ্ধান্ত নেওয়া হবে?

