নারায়ণগঞ্জ, ১২ আগস্ট ২০২৬: নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের দাবিতে কলেজ গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট নবী হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখার নেতৃবৃন্দ।
বুধবার (১২ আগস্ট) অনুষ্ঠিত এ সাক্ষাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার আহ্বায়ক মৌমিতা নূর, যুগ্ম আহ্বায়ক শেখ সাদী, সদস্য সচিব তাহমিদ আনোয়ার, সদস্য ফাতেমা, সিফা এবং সংগঠক আকিব হাসান।
সাক্ষাৎকালে শিক্ষার্থীদের দৈনন্দিন শিক্ষা কার্যক্রম, প্রয়োজনীয় সুযোগ সুবিধা এবং ক্যাম্পাসের সার্বিক পরিবেশ নিয়ে আলোচনা করেন ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দ। তারা বলেন, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও যৌক্তিক দাবির পক্ষে সংগঠনটি ধারাবাহিকভাবে কাজ করে যাবে।
ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দ বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শুধু শ্রেণিকক্ষে পাঠদান নিশ্চিত করলেই দায়িত্ব শেষ হয় না। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত, স্বাস্থ্যসেবা, খাবারের ব্যবস্থা এবং প্রয়োজনীয় মৌলিক সুযোগ সুবিধা নিশ্চিত করাও প্রতিষ্ঠানের দায়িত্বের অংশ। তাই নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থীদের এসব সমস্যা দ্রুত সমাধানের মাধ্যমে একটি নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করা প্রয়োজন।
এ সময় ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার আহ্বায়ক মৌমিতা নূর ও সদস্য সচিব তাহমিদ আনোয়ার শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করতে ভবিষ্যতেও সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে নারায়ণগঞ্জ কলেজ গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট নবী হোসেন ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দের সঙ্গে আন্তরিকভাবে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখা জানিয়েছে, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার, যৌক্তিক দাবি এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

