নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায় মাদককে ঘিরে একের পর এক ঘটনার মধ্যেই এবার প্রকাশ্যে পোস্টার লাগিয়ে মাদক বিক্রির প্রচারণার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ সংক্রান্ত একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে মাসদাইর বাজারের কানদ্দোইনা বাড়ি ও বেগম রোকেয়া স্কুলের সামনের এলাকায় কম দামে মাদক পাওয়া যায় বলে প্রচারণা চালাতে দেখা যায়।
ছড়িয়ে পড়া ভিডিওতে এক ব্যক্তিকে ওই এলাকায় কম দামে মাদক পাওয়া যায় বলে বলতে শোনা যায়। একইসঙ্গে প্রয়োজন হলে সেখানে যাওয়ার কথাও বলা হয়। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাসদাইর এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে এর আগেও একাধিক সহিংস ঘটনা ঘটেছে। মাদক বিক্রিকে কেন্দ্র করে কয়েকজনকে কুপিয়ে আহত করার অভিযোগ, র্যাবের সঙ্গে কথিত গোলাগুলির ঘটনায় এক গৃহবধূ গুলিবিদ্ধ হওয়া এবং র্যাব সদস্যদের ওপর হামলা ও কুপিয়ে আহত করার মতো ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
এর মধ্যেই প্রকাশ্যে মাদক বিক্রির প্রচারণার অভিযোগ সামনে আসায় বিষয়টি আরও উদ্বেগ তৈরি করেছে।
স্থানীয় সচেতন মহলের অভিযোগ, কোনো এলাকায় প্রকাশ্যে এভাবে মাদক বিক্রির প্রচারণা চলতে থাকলে তা কিশোর ও তরুণদের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাদের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে মাদক সংক্রান্ত এমন প্রচারণা দ্রুত বন্ধ করার পাশাপাশি পোস্টার লাগানো ও মাদক বিক্রির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
তবে ভিডিওতে যাদের বা যে এলাকার কথা বলা হয়েছে, তাদের বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগটির সত্যতা যাচাই এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

