নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কের পাশে বিআইডব্লিউটিএর জায়গায় গড়ে ওঠা জাতীয়তাবাদী শ্রমিকদলের কার্যালয়সহ ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএর ঢাকা নদীবন্দর কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নিগার তনুর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
বিআইডব্লিউটিএ সূত্র জানায়, নদীর সীমানা পিলারসংলগ্ন জায়গা অবৈধভাবে দখল করে কাঁচা-পাকা দোকান নির্মাণ করে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। অভিযানে উচ্ছেদকর্মী ও এক্সকাভেটর দিয়ে প্রায় ২০টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
বিআইডব্লিউটিএর কর্মকর্তারা জানান, অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।
অভিযানে ঢাকা নদীবন্দরের যুগ্ম-পরিচালক মোবারক হোসেন মজুমদার, উপপরিচালক এহতেশামুল পারভেজসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

