আত্মকর্মসংস্থান সৃষ্টি ও তরুণদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে নারায়ণগঞ্জে ৫ দিনব্যাপী মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে Climate Resilient Campus Initiative-এর আওতায় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এ প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, মাশরুম চাষের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। বিশেষ করে তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণের জ্ঞান কাজে লাগিয়ে মাশরুম চাষে উদ্যোগী হওয়ার পাশাপাশি নিজেদের কর্মসংস্থান সৃষ্টির জন্য উৎসাহিত করেন।
প্রশিক্ষণে মাশরুম চাষের বিভিন্ন পদ্ধতি, উৎপাদন, পরিচর্যা ও বাজারজাতকরণসহ সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

