ইউসুফ আলী প্রধান: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী রোডের আইটি স্কুল এলাকায় হাজীগঞ্জ এম সার্কাস থেকে হাজীগঞ্জ রেললাইন মাজার সংলগ্ন সড়ক সংস্কারকাজে ধীরগতির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দাসহ প্রতিদিন চলাচলকারী লাখো মানুষ। প্রায় পাঁচ মাস আগে সংস্কারকাজের উদ্বোধন করা হলেও এখনো সড়কটির মূল কাজ শেষ হয়নি। এতে যাত্রী, পথচারী ও যানবাহন চালকদের দুর্ভোগ দিন দিন বাড়ছে।
সরেজমিনে দেখা যায়, হাজীগঞ্জ এম সার্কাস থেকে রেললাইন মাজার সংলগ্ন সড়কটির বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও খানাখন্দে ভরা। সংস্কারকাজের অংশ হিসেবে সড়কের দুই পাশে মাটি কেটে রাখা হয়েছে। বিভিন্ন স্থানে বেরিকেড দেওয়ায় সড়ক সংকুচিত হয়ে পড়েছে। ফলে যানবাহন চলাচলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। একই সঙ্গে দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে।
স্থানীয় অটোরিকশাচালক লিটন মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “হুদাই মাটি কেটে রাস্তার দুই পাশে বেরিকেড দিয়ে রাখছে। কাজের কোনো অগ্রগতি নেই। এমন ধীরগতির কাজের কারণে আমাদের ও যাত্রীদের কী পরিমাণ ভোগান্তি পোহাতে হচ্ছে, তা বলে বোঝানো যাবে না।”
স্থানীয় বাসিন্দা ও পথচারীরা জানান, সড়কটির বেহাল অবস্থার কারণে সামান্য বৃষ্টি হলেই বিভিন্ন স্থানে পানি জমে যায়। খানাখন্দগুলো পানিতে ডুবে ছোট-বড় গর্তে পরিণত হয়। এতে রিকশা, অটোরিকশা ও অন্যান্য যানবাহন চলাচলে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। অনেক সময় যানবাহন বিকল হয়ে যানজটের সৃষ্টি করে।
এ সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, কারখানার শ্রমিক, ব্যবসায়ী, পেশাজীবীসহ বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করেন। সংস্কারকাজের ধীরগতির কারণে তাদের নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান-এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বৃষ্টির কারণে এই সড়কের কাজটি সাময়িকভাবে বন্ধ আছে। বৃষ্টি থাকা অবস্থায় কাজ করা হলে অল্প সময়ের মধ্যেই রাস্তা নষ্ট হয়ে যাবে। তখন আপনারা সাংবাদিকরাই রাস্তার বেহাল অবস্থা দেখিয়ে প্রশাসকের চোখে আঙুল দেবেন।”
কাজ কবে নাগাদ শেষ হবে জানতে চাইলে নাসিক প্রশাসক বলেন, “বৃষ্টি শেষ হলে সড়ক সংস্কারের কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করে জনগণের দীর্ঘদিনের এই ভোগান্তি নিরসনে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে।”
স্থানীয়দের দাবি, বৃষ্টি ও অন্যান্য কারণ দেখিয়ে সংস্কারকাজ দীর্ঘায়িত না করে দ্রুত কাজ শেষ করে সড়কটি যানবাহন চলাচলের উপযোগী করা হোক।

