নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ফতুল্লার মাসদাইর অক্টো অফিস এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেছেন এবং তাদের সঙ্গে থাকা আরও তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জয় দাস, মেহেদী হাসান (২১), রাজু (৩৯), হুমায়ূন আহমেদ (৪০), সিয়াম (২১), লিটন (৪২), রাসেল বাবু (৩০), মেহেদী হাসান মাহিন (১৮), জাহাঙ্গীর আলম (২৩), হাসান জামিল (২১), দ্বীন ইসলাম নয়ন, সুমন (২২), সিফাত (২০), আব্দুল্লাহ (১৫), ফেরদৌস (১৪) ও অভি (১৪)।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, রাতে অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ১৬ জনের মধ্যে তিনজন কিশোর রয়েছে।
পুলিশের দাবি ও মামলার এজাহারে উল্লেখিত তথ্যের ভিত্তিতেই গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়েছে। বিষয়টি এখন আইনগত প্রক্রিয়াধীন।

