নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, বিএনপি আর রক্ত ঝরার রাজনীতিতে ফিরতে চায় না। তিনি বলেন, ৫ আগস্টের পর প্রতিহিংসার রাজনীতি করা হলে আওয়ামী লীগের কোনো বাড়িঘর হয়তো এলাকায় থাকত না, কিন্তু বিএনপি তা করেনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ফতুল্লার বক্তাবলীতে ইটভাটা মালিক সমিতির উদ্যোগে আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুন মাহমুদ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, অতীতে দেশের মানুষের ওপর নির্যাতন ও হত্যার জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে তিনি তাদের ‘ভুল ও ধ্বংসাত্মক রাজনীতির’ অংশ না হয়ে সুস্থ ধারার রাজনীতিতে ফেরার আহ্বান জানান।
তিনি বলেন, কেউ আইনশৃঙ্খলা ভঙ্গ বা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে। তবে সবাই যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, সেটিই বিএনপির প্রত্যাশা।
বক্তাবলীর রাজনৈতিক ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে মামুন মাহমুদ বলেন, এ এলাকার মানুষের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে।
এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমানের নেতৃত্বে ‘নতুন বাংলাদেশের’ স্বপ্ন বাস্তবায়নে কাজ করার কথা বলেন।
সভায় জেলা ইটভাটা মালিক সমিতির নেতা মো. ছলিম উল্লাহর সভাপতিত্বে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

