অযাচিত ভাড়া বৃদ্ধি বন্ধ, ভাড়া কমানো ও ক্লাস ডে’তে শিক্ষার্থীদের শতভাগ হাফপাস নিশ্চিতের দাবি
নারায়ণগঞ্জে অযাচিত বাস ভাড়া বৃদ্ধি বন্ধ, ভাড়া কমানো এবং ক্লাস ডে’তে শিক্ষার্থীদের জন্য সকল বাসে শতভাগ হাফপাস নিশ্চিতের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা।
রোববার (২৭ সেপ্টেম্বর) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসক রায়হান কবির বরাবর এ স্মারকলিপি পেশ করা হয়।
স্মারকলিপিতে বাস সিন্ডিকেট ভেঙে যাত্রীদের জন্য বাস ভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ও যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। পাশাপাশি অযাচিতভাবে বাস ভাড়া বৃদ্ধি বন্ধ, যৌক্তিক পর্যায়ে ভাড়া কমানো এবং ক্লাস ডে’তে সকল বাসে শিক্ষার্থীদের শতভাগ হাফপাস নিশ্চিত করার দাবি তুলে ধরা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সিয়াম, কওমী মাদ্রাসা সম্পাদক আব্দুর রহমান রাসেল, আলিয়া মাদ্রাসা সম্পাদক মুসআব জামান মাশরাফি, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ইমরান আদনান এবং কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল ইমরান।
সংগঠনটির নেতারা বলেন, শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীদের ওপর অতিরিক্ত বাস ভাড়ার চাপ কমাতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে সকল বাসে নিয়মতান্ত্রিকভাবে হাফপাস বাস্তবায়নের দাবি জানান তারা।

