দেশে অরাজকতা সৃষ্টিকারী পলাতক ফ্যাসিস্টদের যেকোনো অপতৎপরতা সম্মিলিতভাবে রুখে দিতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের মাদানীনগর মাদ্রাসা সংলগ্ন গ্রীন গার্ডেন অডিটরিয়ামে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত জেলা ও নগর সম্মেলন ২০২৬ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পীর সাহেব চরমোনাই বলেন, পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে একটি ন্যায়ভিত্তিক, কল্যাণমুখী ও ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। যুবসমাজ একটি জাতির সবচেয়ে বড় শক্তি। এই শক্তিকে সঠিক পথে পরিচালিত করতে পারলে দেশ ও জাতির ইতিবাচক পরিবর্তন সম্ভব।
তিনি বলেন, ইসলামী যুব আন্দোলনের প্রত্যেক দায়িত্বশীলকে ব্যক্তিগত জীবনে ইসলামের আদর্শ বাস্তবায়ন করতে হবে। মানুষের সঙ্গে উত্তম আচরণ, সততা, আমানতদারি ও দায়িত্বশীলতার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে। একজন আদর্শবান কর্মীই একটি আদর্শ সংগঠনের মূল ভিত্তি।
যুবসমাজের উদ্দেশে তিনি বলেন, দেশ ও মানুষের কল্যাণে নিজেদের প্রস্তুত করতে হবে। শিক্ষিত, দক্ষ, সৎ ও যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে উঠতে হবে। অন্যায়ের প্রতিবাদ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে হবে।
পীর সাহেব চরমোনাই আরও বলেন, দেশে পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা সারাদেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগুন সন্ত্রাস ও মব সৃষ্টির মাধ্যমে দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি ইসলাম, দেশ ও মানবতার বিরুদ্ধেও গভীর ষড়যন্ত্র চলছে। প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতায় দেশে অরাজকতা সৃষ্টিকারী এসব পলাতক ফ্যাসিস্টদের যেকোনো অপতৎপরতা সম্মিলিতভাবে রুখে দিতে হবে। এজন্য যুব আন্দোলনের দায়িত্বশীলদের অতন্দ্র প্রহরীর মতো ভূমিকা পালন করতে হবে।
সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি মুফতি মানসুর আহমদ সাকী বলেন, আজকের জেলা সম্মেলন শুধু কমিটি গঠন কিংবা দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিকতা নয়। এটি সাংগঠনিক অগ্রযাত্রাকে নতুন করে মূল্যায়ন ও গতিশীল করার একটি সুযোগ।
তিনি বলেন, বাংলাদেশের যুবসমাজ বর্তমানে বেকারত্ব, মাদকাসক্তি, নৈতিক অবক্ষয় ও সামাজিক অস্থিরতাসহ নানা সংকটের মুখোমুখি। দেশে প্রচলিত শাসনব্যবস্থা বারবার পরিবর্তিত হলেও জনগণের কাঙ্ক্ষিত মুক্তি মিলছে না।
তিনি আরও বলেন, যতদিন দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা হবে না, ততদিন চলমান নৈরাজ্য, অপসংস্কৃতি, মৃত্যুর মিছিল ও বিচারহীনতার সংস্কৃতি বন্ধ হবে না।
মুফতি মানসুর আহমদ সাকী বলেন, সংসদ ও রাজপথে সরকার ও বিরোধী দলের সমঝোতার আন্দোলন দেখতে হচ্ছে। তারা কেউই জনগণের ভাষা বুঝতে সক্ষম হয়নি। অতিরিক্ত রাজনীতি করতে গিয়ে দেশ ও জনগণের ভবিষ্যৎ হুমকির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে।
তিনি নতুন দায়িত্বশীলদের উদ্দেশে বলেন, দ্বীন প্রতিষ্ঠার শপথ নিয়ে পূর্বের চেয়েও আরও বেগবান হয়ে কাজ করতে হবে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ আব্দুর রশীদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহাম্মাদ মামুনুর রশীদ।
সম্মেলনের শেষপর্যায়ে পীর সাহেব চরমোনাই বিগত সেশনের কমিটি বিলুপ্ত করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ জেলা কমিটি:
সভাপতি হাফেজ সোহেল সরকার, সহসভাপতি হাফেজ রুহুল আমীন এবং সাধারণ সম্পাদক হাফেজ সাইফুল ইসলাম।
নারায়ণগঞ্জ মহানগর কমিটি:
সভাপতি মাওলানা আব্দুর রশীদ, সহসভাপতি মুহাম্মাদ আবুল বাশার, সাধারণ সম্পাদক মুহাম্মাদ আনোয়ার হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মাদ ওমর ফারুক।
নবগঠিত কমিটির দায়িত্বশীলরা শপথ গ্রহণ করেন। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

