নারায়ণগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু রাইয়ানের চলাচলের সুবিধার্থে হুইলচেয়ার দিয়েছে সদর উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন শিশুটির হাতে হুইলচেয়ার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পবিত্র চন্দ্র মণ্ডল।
এস এম ফয়েজ উদ্দিন জানান, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চলাচল ও জীবনযাত্রার স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সহযোগিতার প্রয়োজন। প্রতিবন্ধিতা কোনো শিশুর স্বপ্ন, সম্ভাবনা কিংবা স্বাভাবিকভাবে বেড়ে ওঠার পথে বাধা হতে পারে না। যথাযথ সহযোগিতা, সহমর্মিতা ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করা গেলে প্রতিটি শিশুর বিকাশের সুযোগ তৈরি হয়।
সমাজের পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের কল্যাণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করে উপজেলা প্রশাসন। প্রত্যেক শিশুর মর্যাদাপূর্ণ জীবন, সমান সুযোগ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

