নারায়ণগঞ্জের রূপগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি বালু নদের ওপর ঝুলে থাকা সেতুর নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে দেয়া বক্তব্যে তিনি এই জনগুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরেন। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে প্রকল্পটির স্থবিরতা কাটিয়ে জনদুর্ভোগ লাঘবে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
বক্তব্যের শুরুতেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে সংসদ নির্বাচনে মনোনয়ন প্রদান এবং বিপুল ভোটে বিজয়ী করে সংসদে পাঠানোর জন্য রূপগঞ্জবাসীর প্রতিও ধন্যবাদ জানান।
সংসদ সদস্য দিপু ভূঁইয়া বলেন, “আমি আজ সংসদে দাঁড়িয়ে রূপগঞ্জের মানুষের কণ্ঠস্বর হিসেবে কথা বলছি। বালু নদের ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ এখন সময়ের দাবি।”
তিনি জানান, ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরবর্তীতে ২০০৩ সালে টেন্ডার প্রক্রিয়া শেষে কাজও শুরু হয়। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে দীর্ঘ দুই যুগেও কাজ সম্পন্ন হয়নি। বর্তমানে সেখানে মাত্র আটটি পিলার দৃশ্যমান অবস্থায় পড়ে আছে, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি করেছে।
সেতুটির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এটি নির্মিত হলে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মধ্যে সরাসরি সংযোগ তৈরি হবে। এতে যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি যানজটও কমবে। বিশেষ করে কৃষিপণ্য পরিবহন ও সাধারণ মানুষের চলাচলে আসবে ইতিবাচক পরিবর্তন।
বক্তব্যের শেষে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, সকল জটিলতা দূর করে দ্রুত সময়ের মধ্যে সেতুর কাজ পুনরায় শুরু করে তা জনগণের জন্য উন্মুক্ত করার জন্য।

