নারায়ণগঞ্জের ফতুল্লার ভোলাইল এলাকায় নির্মাণাধীন একটি ভবনের পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে জমে থাকা বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে কাশীপুরের ভোলাইল গেদ্দার বাজার এলাকায় শাহাবুদ্দিনের নবনির্মিত ভবনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পটুয়াখালির বাউফল থানার ভাংরা গ্রামের আলতাফ মৃধার ছেলে দেলোয়ার মৃধা (৩৫) এবং গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার আব্দুর রহিমের ছেলে রানা (২২)।
জানা গেছে, দেলোয়ার মৃধা পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। তার দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে। অন্যদিকে রানা একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। সাপ্তাহিক ছুটির দিনে অতিরিক্ত আয়ের আশায় দেলোয়ারের সঙ্গে কাজ করতে এসে প্রাণ হারান তিনি। মাত্র চার মাস আগে বিয়ে করেছিলেন রানা।
স্থানীয়দের ভাষ্যমতে, ভবনের পানির ট্যাংকের স্যান্টারিং খোলার কাজ চলাকালে ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের সংস্পর্শে আসেন তারা। অল্প সময়ের মধ্যেই শ্বাসকষ্ট শুরু হয় এবং ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহাদাত হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণেই এই মৃত্যু।

