নারায়ণগঞ্জ, ১৮ এপ্রিল (শনিবার): মহান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের প্রয়াণ দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে তাঁর জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি জয় হাসানসহ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা আইনস্টাইনের বৈজ্ঞানিক অবদান ও মানবতাবাদী দৃষ্টিভঙ্গির বিভিন্ন দিক তুলে ধরেন। জেলা সভাপতি জয় হাসান তাঁর বক্তব্যে বলেন, আইনস্টাইন কেবল বিজ্ঞানচর্চায় সীমাবদ্ধ ছিলেন না, বরং মানব সভ্যতার অগ্রগতির প্রশ্নে নিজেকে নিবেদিত করেছিলেন। পুঁজিবাদী সমাজের শোষণ ও বৈষম্য তাঁকে ব্যথিত করেছিল এবং তিনি এর সমালোচনায় সোচ্চার ছিলেন। একইসঙ্গে তিনি সমাজতান্ত্রিক অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থার প্রতি আশাবাদ ব্যক্ত করেছিলেন।
তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মকে বিজ্ঞানমনস্কতা, মানবিকতা ও যুক্তিবাদী চিন্তায় উদ্বুদ্ধ হতে হবে।
শ্রদ্ধাঞ্জলি শেষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, নারায়ণগঞ্জ জেলা শাখার ৭ দফা দাবিতে চলমান স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করা হয়।

