নারায়ণগঞ্জের বহুল আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে জাতীয় সংসদে মনোযোগ আকর্ষণ করে নোটিশ দিয়েছেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন ।
সংসদ সচিবালয়ে দেওয়া এ নোটিশে তিনি কার্যপ্রণালী বিধির ৭১ বিধি অনুযায়ী জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ত্বকী হত্যা মামলার বিচার প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের কথা উল্লেখ করেন।
নোটিশে বলা হয়, ২০১৩ সালে নারায়ণগঞ্জ থেকে অপহরণের শিকার হয় ১৭ বছর বয়সী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী। অপহরণের পরদিন তার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলার বিচার কার্যক্রম দৃশ্যমান অগ্রগতি পায়নি।
এতে আরও উল্লেখ করা হয়, তদন্তে একাধিক ব্যক্তির সম্পৃক্ততার তথ্য উঠে এলেও মামলার চার্জশিট এখনো দাখিল না হওয়ায় বিচার প্রক্রিয়া শুরু হয়নি। ফলে ভুক্তভোগী পরিবার এখনো ন্যায়বিচার থেকে বঞ্চিত রয়েছে।
নোটিশে সংসদ সদস্য বলেন, দীর্ঘ সময়েও বিচার না হওয়া বিচারহীনতার একটি উদ্বেগজনক দৃষ্টান্ত। দ্রুত সময়ের মধ্যে ত্বকী হত্যা মামলার বিচার সম্পন্ন করা হলে তা জনগণের ন্যায়বিচারের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বিষয়টিকে অত্যন্ত জরুরি ও জনস্বার্থসংশ্লিষ্ট উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

