নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে এক ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়দের প্রতিরোধের মুখে এলোপাতাড়ি গুলি ছোড়া হলে অন্তত চারজন গুলিবিদ্ধ হন।
রোববার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে কুতুবপুর পশ্চিম রসুলপুর ভাঙ্গারপুল এলাকায় সুমন মিয়ার ফ্লেক্সিলোড দোকানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, এর আগে দুই দিন আগে শামীম ওরফে জুয়েল নামে এক ব্যক্তি সুমনের দোকান থেকে ২ হাজার টাকা ফ্লেক্সিলোড নিয়ে টাকা পরিশোধ না করায় তাকে আটক করে টাকা আদায় করা হয়। এর জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার রাতে দুইটি মোটরসাইকেলে করে ৪ থেকে ৫ জন যুবক দোকানে এসে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয় এবং সুমনকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সন্দেহ হলে স্থানীয় আনোয়ার হোসেন তাদের পরিচয়পত্র দেখতে চাইলে তারা তার বুকে অস্ত্র ঠেকিয়ে পালানোর চেষ্টা করে।
এ সময় স্থানীয়রা ঘিরে ফেললে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। এতে চারজন গুলিবিদ্ধ হন। পরে এলাকাবাসী ধাওয়া দিয়ে শামীম ওরফে জুয়েলকে মোটরসাইকেলসহ আটক করে গণধোলাই দেয় এবং পুলিশের কাছে সোপর্দ করে।
পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করে আটক ব্যক্তিকে থানায় নিয়ে যায়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

