নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিএনপি নেতা জাকির খান। তার এই ঘোষণার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা।
এরই মধ্যে তাকে ঘিরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগদানের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এসব গুঞ্জনকে “সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন” বলে উড়িয়ে দিয়েছেন তিনি। জাকির খান স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর সঙ্গেই আছেন এবং শেষ দিন পর্যন্ত সেখানেই থাকবেন।
তিনি বলেন, “আমি বিএনপির একজন কর্মী। এই দলই আমার রাজনীতির পরিচয়। মৃত্যুর আগ পর্যন্ত বিএনপিতেই থাকবো।”
সম্প্রতি স্থানীয় রাজনীতিতে মেরুকরণের আলোচনা এবং কিছু নেতার দলবদলের প্রেক্ষাপটে তাকে নিয়েও জল্পনা তৈরি হলেও তার এই অবস্থান অনুসারীদের মধ্যে স্বস্তি ফিরিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণার পাশাপাশি দলীয় অবস্থান স্পষ্ট করায় নারায়ণগঞ্জের রাজনীতিতে নতুন বার্তা দিয়েছে জাকির খানের এই বক্তব্য।

