নারায়ণগঞ্জের কাশীপুরের গেদ্দার বাজার এলাকায় ড্রেন নির্মাণকাজে ঠিকাদারের চরম অব্যবস্থাপনার কারণে জনভোগান্তি চরমে পৌঁছেছে। কয়েক দিন আগে নবসিংপুর স্কুল থেকে বকুলতলা পর্যন্ত কাজ শেষ হলেও বর্তমানে গেদ্দার বাজার অংশে কাজ চলমান থাকায় পুরো এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট ও দুর্ভোগ।
গেদ্দার বাজারের তিন রাস্তার মোড়ে ড্রেন কাটার ফলে মোল্লা বাড়ি ও কাঠের পাড়া সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। পাশাপাশি শান্তিনগর ও আলী পাড়া হয়ে সংযোগ সড়কও বন্ধ করে দেওয়ায় পুরো এলাকা কার্যত অচল হয়ে পড়েছে।
সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ড্রেনের ময়লা মাটি রাস্তায় ফেলে রাখা। এতে সাধারণ মানুষের হাঁটা চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার গার্মেন্টস শ্রমিক, স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াত করে।
বর্তমানে চলমান এসএসসি ও দাখিল পরীক্ষার অধিকাংশ পরীক্ষার্থী এই রাস্তা ব্যবহার করায় তাদের ভোগান্তি আরও বেড়েছে। সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো নিয়েও তারা উদ্বিগ্ন হয়ে পড়েছে।
গত ৮ দিন ধরে রাস্তায় ড্রেনের ময়লা পড়ে থাকায় সড়ক পিচ্ছিল হয়ে গেছে। এতে নারী, শিশু ও বয়স্কসহ অনেকেই পড়ে গিয়ে আহত হচ্ছেন। বৃষ্টির কারণে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্টদের বারবার জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। বরং বেপরোয়া ভাবে রাস্তায় ময়লা ফেলে রাখায় জনদুর্ভোগ দিন দিন বাড়ছেই।
এমন পরিস্থিতিতে এলাকাবাসীর জোর দাবি, দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান করে মানুষের কষ্ট লাঘব করতে হবে। অন্যথায় তারা নাগরিক অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন।

