নারায়ণগঞ্জ, ৫ মে ২০২৬
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী ‘বন্ধন’ ও ‘উৎসব’ পরিবহনের ভাড়া বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য হাফ পাস সুবিধা বন্ধের প্রতিবাদে বাস কাউন্টার পরিদর্শন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা শাখা। এ সময় সংগঠনটির নেতৃবৃন্দ ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও বিআরটিএ পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করেন।
মঙ্গলবার বিভিন্ন বাস কাউন্টার পরিদর্শনকালে বাস কর্তৃপক্ষ জানায়, গত ২৩ এপ্রিল থেকে ভাড়া ৫৫ টাকা এবং শিক্ষার্থী ভাড়া ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ভাড়ায় একাধিক শর্ত আরোপ করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত স্টুডেন্ট ভাড়া কার্যকর রাখা এবং সপ্তাহে মাত্র ৫ দিন এ সুবিধা প্রযোজ্য করা।
সাক্ষাতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সাইদুর রহমান বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ‘বন্ধন’ ও ‘উৎসব’ পরিবহনের ভাড়া ৫ টাকা বাড়িয়ে ৫৫ টাকা নির্ধারণ করা একতরফা ও লুণ্ঠনমূলক সিদ্ধান্ত। তিনি অভিযোগ করেন, বাস মালিকরা যাত্রীদের সুবিধা-অসুবিধা বিবেচনা না করেই যখন-তখন ভাড়া বৃদ্ধি করছেন। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও ভাড়া কমানো হয় না, অথচ সামান্য অজুহাতে তা বাড়ানো হচ্ছে।
তিনি আরও বলেন, ২০২৫ সালের ২০ আগস্ট একইভাবে ভাড়া ৫০ টাকা থেকে ৫৫ টাকা করা হলে ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রশাসন ও মালিকপক্ষ আলোচনায় বসতে বাধ্য হয়। তখন ভাড়া ৫০ টাকা বহাল রাখা এবং শিক্ষার্থীদের জন্য সপ্তাহে ৭ দিন শর্তহীন হাফ পাস কার্যকর করার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু পরবর্তীতে পরিবহন কর্তৃপক্ষ সেই সিদ্ধান্ত অমান্য করে হাফ পাস বন্ধ করে দেয়। এ সময় শিক্ষার্থীরা হাফ পাস চাইলে নানা অজুহাতে হয়রানি ও দুর্ব্যবহারের অভিযোগও তুলে ধরেন তিনি।
নেতৃবৃন্দ বলেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই সময়ে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত ভাড়ার চাপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তারা অবিলম্বে বর্ধিত ৫ টাকা ভাড়া প্রত্যাহার করে পূর্বের ৫০ টাকা বহাল রাখা এবং সপ্তাহে ৭ দিন, ২৪ ঘণ্টা, কোনো শর্ত ছাড়াই সকল শিক্ষার্থীর জন্য হাফ পাস চালুর দাবি জানান। অন্যথায় ছাত্রসমাজ ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
এদিকে বৈঠকে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও বিআরটিএ পরিচালক বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দেন। তারা জানান, সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে শিগগিরই একটি বৈঠক আয়োজন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

