সরকারি কলেজের নবীনবরণ অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত, শিক্ষাবান্ধব ও দলনিরপেক্ষ হওয়া উচিত বলে মন্তব্য করেছে জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলা।
সংগঠনটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সরকারি তোলারাম কলেজের সাম্প্রতিক নবীনবরণ অনুষ্ঠানে অতিথি তালিকায় একপাক্ষিক রাজনৈতিক প্রাধান্য লক্ষ্য করা গেছে, যা একটি শিক্ষাপ্রতিষ্ঠানের আয়োজনে অনাকাঙ্ক্ষিত।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানগুলোতে অন্তর্ভুক্তিমূলক পরিবেশ, ভিন্নমতের প্রতি সম্মান এবং নিরপেক্ষতা বজায় রাখা জরুরি। দলীয় প্রভাব বা রাজনৈতিক পক্ষপাতিত্ব শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।
জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক আবিদ রহমান বলেন, “একটি সরকারি কলেজের আয়োজনে এমন দলীয় রঙের প্রাধান্য দুঃখজনক। আমরা আশা করি ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠানে ভারসাম্য, শালীনতা ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে।”
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।

