নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৯ মে) সকাল ৬টা ৪০ মিনিটে সদর থানাধীন খানপুর বউ বাজার রেললাইন সংলগ্ন লাল সবুজ পিজিয়ন ক্লাবের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মো. সাগর (৩০) ও মো. সুমন (৩০)। এ সময় তাদের হেফাজত থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১০ হাজার ৫০০ টাকা।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

