নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। শনিবার (১০ মে) সকাল ৬টা ৫৫ মিনিটে ফতুল্লার উত্তর ভূঁইগড় গিরিধারা এলাকায় মো. শাহজাহান মিয়ার আটতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, কালাম (৪৫), তার স্ত্রী সালমা (৪০), ছেলে মুন্না (১২), মেয়ে মুন্নি (১০) ও কথা (৭)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালবেলা হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘরসংলগ্ন গ্যাস লাইনের লিকেজ থেকে বন্ধ কক্ষে গ্যাস জমে ছিল। সকালে লাইটার জ্বালানোর চেষ্টা করলে মুহূর্তেই বিস্ফোরণ ঘটে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন বলেন, “গ্যাস জমে থাকার কারণেই বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।”
জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধ পাঁচজনের অবস্থাই আশঙ্কাজনক। এর মধ্যে কালাম ৯৫ শতাংশ, সালমা ৬০ শতাংশ, মুন্না ৩০ শতাংশ, মুন্নি ৩৫ শতাংশ এবং কথা ৫২ শতাংশ দগ্ধ হয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, অনেক এলাকায় পুরোনো গ্যাস লাইনের লিকেজ ও নিরাপত্তাহীনতার কারণে এমন দুর্ঘটনা বারবার ঘটছে। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

