ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী ‘বন্ধন’ ও ‘উৎসব’ পরিবহনের ভাড়া বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য ২৫ টাকার হাফ পাস চালুর দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা। সংগঠনটি জানিয়েছে, আগামীকাল থেকেই রাজপথে কর্মসূচি শুরু হবে।
মঙ্গলবার (১২ মে) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক সৌরভ সেন বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস মালিকদের অযৌক্তিক ভাড়া বৃদ্ধি ও প্রশাসনের নীরবতায় শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন।
তারা বলেন, গত ৭ মে জেলা প্রশাসকের কাছে ৪ দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। এর মধ্যেই ‘বন্ধন’ ও ‘উৎসব’ পরিবহন ৩৫ টাকার হাফ পাস চালু করেছে, যা শিক্ষার্থীদের সঙ্গে প্রহসনের শামিল।
বিবৃতিতে সংগঠনটি চার দফা দাবি তুলে ধরে। দাবিগুলো হলো:
১. বাড়ানো ৫ টাকা ভাড়া প্রত্যাহার করে আগের ভাড়া চালু করা।
২. শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ২৫ টাকা হাফ ভাড়া নির্ধারণ।
৩. সপ্তাহে ৭ দিন, ২৪ ঘণ্টা পরিচয়পত্রের মাধ্যমে হাফ পাস চালু রাখা।
৪. অনুমোদন ছাড়া অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া।
নেতৃবৃন্দ বলেন, দাবি বাস্তবায়ন না হলে আগামীকাল থেকে নারায়ণগঞ্জের রাজপথে কঠোর কর্মসূচি পালন করা হবে।
বিজ্ঞপ্তিতে বার্তা প্রেরক হিসেবে নাম উল্লেখ করা হয় শেখ সাদী।

