নারায়ণগঞ্জ জেলায় আইন-শৃঙ্খলা রক্ষা, ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, অবৈধ অস্ত্র-গুলি ও মাদকদ্রব্য উদ্ধারসহ গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ” পেয়েছেন জেলার দুই অতিরিক্ত পুলিশ সুপার।
পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রধান, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) এর পক্ষ থেকে এই সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা পাওয়া দুই কর্মকর্তা হলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোঃ হাসিনুজ্জামান।
গতকাল ১২ মে ২০২৬, রাজধানীর রাজারবাগে মেট্রোপলিটন পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় আইজিপি মোঃ আলী হোসেন ফকির আনুষ্ঠানিকভাবে তাদের বুকে এই ব্যাজ পরিয়ে দেন।
জানা যায়, সারা দেশের প্রায় ২ লাখ ২০ হাজার পুলিশ সদস্যের মধ্য থেকে এবার মাত্র ৩৪১ জন সদস্য এই মর্যাদাপূর্ণ আইজিপি ব্যাজ অর্জন করেছেন।
নারায়ণগঞ্জ জেলার দুই কর্মকর্তার এই অর্জনে সহকর্মী ও সংশ্লিষ্ট মহলে আনন্দ ও গর্বের পরিবেশ বিরাজ করছে।

