নারায়ণগঞ্জের ফতুল্লার দক্ষিণ মাসদাইর ছোট গোরস্থান পালান বাড়ি এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় এক পরিবারের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী মোসাঃ জেসমিন আক্তার টুটুল ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে অভিযুক্ত হিসেবে স্থানীয় বাসিন্দা মোঃ টিটু (৪০), ওসমান (৩৫) ও মোঃ রাব্বি (১৮) এর নাম উল্লেখ করা হয়েছে। তাদের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসা ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও করা হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় ভুক্তভোগী পরিবারের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ১৪ মে রাত আনুমানিক ১১টার দিকে অভিযুক্তরা বাড়ির আশেপাশে এসে গালাগালি ও ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে প্রায় ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করা হয় বলে দাবি করা হয়েছে।
এসময় ভুক্তভোগী পরিবারকে মারধর ও হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। বর্তমানে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানানো হয়েছে।
এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

