লন্ডন ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী জয় দাস
Leading University-এর ইংরেজি বিভাগের শিক্ষার্থী এবং Leading University Model United Nations (LUMUN)-এর এক্সিকিউটিভ মেম্বার জয় দাস আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ও লিডিং ইউনিভার্সিটির প্রতিনিধিত্ব করেছেন। তিনি যুক্তরাজ্যে অনুষ্ঠিত London International Model United Nations 2026-এর ২৭তম বার্ষিক অধিবেশনে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেন।
গত ২০ থেকে ২২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত লন্ডনে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ নেতা, গবেষক, শিক্ষার্থী ও কূটনৈতিক ব্যক্তিত্বরা অংশ নেন। আন্তর্জাতিক পর্যায়ে কূটনীতি, নেতৃত্ব, বৈশ্বিক উন্নয়ন ও নীতিনির্ধারণী আলোচনা নিয়ে আয়োজিত এ সম্মেলন তরুণদের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।
সম্মেলনে জয় দাস ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (UNDP) কমিটিতে পোল্যান্ডের প্রতিনিধিত্ব করেন। সেখানে তিনি টেকসই উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা, বৈশ্বিক নীতি এবং মানবিক উন্নয়ন বিষয়ক বিভিন্ন আলোচনায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।
সফল অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ তাকে Certificate of Participation প্রদান করা হয়। এই অর্জনের মাধ্যমে তিনি শুধু বাংলাদেশকেই নয়, বরং লিডিং ইউনিভার্সিটি এবং লিডিং ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনসকেও আন্তর্জাতিক পরিমণ্ডলে গৌরবান্বিত করেছেন।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জয় দাস বলেন, আন্তর্জাতিক এ ধরনের সম্মেলনে অংশগ্রহণ তার নেতৃত্বগুণ, কূটনৈতিক যোগাযোগ দক্ষতা, পাবলিক স্পিকিং এবং সমালোচনামূলক চিন্তাভাবনার সক্ষমতা বৃদ্ধি করেছে। তিনি আরও বলেন, বাংলাদেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক নীতিনির্ধারণী ও কূটনৈতিক আলোচনায় আরও বেশি সম্পৃক্ত হওয়া প্রয়োজন।

