নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিশ লাইন ও ক্যাবল ব্যবসায়ী নাছির হত্যাকাণ্ডের ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৪–৫ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ফতুল্লা মডেল থানায় নিহত নাছিরের স্ত্রী সায়মা আহম্মেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
নিহত নাছির (৬০) ফতুল্লার চানমারী মাউড়াপট্টি এলাকার মৃত সাইজ্জদিনের ছেলে। তিনি “ফ্রেন্ডস ক্যাবল” নামে একটি ডিশ ও ক্যাবল ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে চানমারী মাউড়াপট্টিস্থ “ফ্রেন্ডস ক্যাবল” অফিসে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন শরিফ (৪০), জুয়েল (২০), আরিফ (৩০), সজিব (৩৬), শান্ত (২৮), নাঈম (২৫), মজিদ (৪২), আব্দুস সাত্তার বাবু (৫২), আবির (২৪) ও রুমি (৩০) সহ অজ্ঞাতনামা আরও ৪–৫ জন।
এজাহারে উল্লেখ করা হয়, “ফ্রেন্ডস ক্যাবল নেটওয়ার্কস” প্রতিষ্ঠানের অংশীদার ছিলেন আসামি আব্দুস সাত্তার বাবু। দীর্ঘদিন ধরে হিসাব-নিকাশ ও ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। একপর্যায়ে সেই বিরোধ তীব্র আকার ধারণ করে।
এছাড়া কয়েকজন আসামি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। নিহত নাছির তাদের কার্যক্রমে বাধা দেওয়ায় পূর্ব থেকেই বিরোধ ও হুমকি-ধমকির ঘটনা ঘটে বলে এজাহারে দাবি করা হয়।
বাদীপক্ষের অভিযোগ, ব্যবসার নিয়ন্ত্রণ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে নাছিরকে হত্যা করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম জানান, মামলার এজাহারভুক্ত ৪ আসামিকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন সজিব, শান্ত, আরিফ ও নাঈম। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

