নারায়ণগঞ্জের এনায়েতনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উত্তর মাসদাইর গাবতলী এলাকায় দীর্ঘদিনের বিদ্যমান সোসাইটি কমিটি বিলুপ্ত করে নতুন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক উন্নয়ন কমিটি গঠনের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এ লক্ষ্যে এলাকাবাসী মাননীয় সংসদ সদস্যের কাছে লিখিত আবেদন জমা দেন। আবেদনের পরিপ্রেক্ষিতে পূর্বের বিদ্যমান কমিটি বিলুপ্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বর্তমানে নতুন কমিটি গঠনের লক্ষ্যে সাধারণ বাসিন্দাদের মতামত গ্রহণ প্রক্রিয়া চলছে।
আবেদনপত্রে স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সোসাইটি কমিটির নামে নিয়মিত চাঁদা আদায় করা হলেও এলাকার দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। বরং এলাকায় অবৈধ ব্যবসা, মাদকসেবন, চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলেছে।
স্থানীয়দের দাবি, বর্তমান কমিটি এসব সমস্যা নিরসনে কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেনি। ফলে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এছাড়া মাসিক চাঁদা আদায়ের পরও এলাকার অবকাঠামো, সড়ক ব্যবস্থা ও পরিবেশ উন্নয়নে দৃশ্যমান কোনো পরিবর্তন না থাকায় ক্ষোভ প্রকাশ করেন বাসিন্দারা।
এ অবস্থায় একটি আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনসম্পৃক্ত উন্নয়ন কমিটি গঠনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন উত্তর মাসদাইর গাবতলী এলাকার সাধারণ মানুষ।

