আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জের উদ্দেশ্যে আসা ৩৬টি গরু জোরপূর্বক বন্দরের একটি হাটে নামানোর অভিযোগ উঠেছে।
আজ শনিবার (২৩ মে) দুপুরে শীতলক্ষ্যা নদী দিয়ে আসার পথে বন্দরের ১নম্বর খেয়াঘাটে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মো. দয়াল নামের এক গরু বেপারি সিরাজগঞ্জের শাহাজাদপুর হতে ৩৬টি গরু নিয়ে শীতলক্ষ্যা নদী দিয়ে ট্রলারযোগে সিদ্ধিরগঞ্জের নাভানা হাটের উদ্দেশ্যে আসছিলেন। পথে গরুবোঝাই ট্রলারটি বন্দর উপজেলার ১ নম্বর খেয়াঘাট অংশ অতিক্রম করার আগেই সংঘবদ্ধ একটি গ্রুপ ওই ট্রলারে থাকা গরু বেপারিসহ প্রত্যেকে বেধড়ক মারধর করে জোরপূর্বক গুরু খেয়াঘাটের হাটে নামায়।
ভুক্তভোগী গরু বেপারি মো. দয়াল জাগো নিউজকে বলেন, আমি ৩৬টি গরু নিয়ে সিদ্ধিরগঞ্জের নাভানা হাটের উদ্দেশ্যে যাচ্ছিলাম, পথে বেশ কয়েকজন লোক জোরপূর্বক আমাদের ট্রলার থামিয়ে গরু তাদের হাটে নামায়। আমাদের একটি গরুর পা ভেঙে ফেলা হয়েছে। আমরা গরীব মানুষ আমাদের রক্ষা করুন।
নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ আবুল কালামের ছেলে ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবুল কাউসার আশা জানান, খবরটা শুনেছি, ঘটনাস্থলের দিকে যাচ্ছি। তবে গরু কারা আটকিয়েছে এখনো নিশ্চিত হতে পারিনি, কেউ সঠিকভাবে বিষয়টি পরিষ্কার করতে পারছে না।
বন্দর উপজেলার খেয়াঘাট গরুর হাটের ইজারাদার পাপ্পু আহমেদ জাগো নিউজকে বলেন, কয়েকজন গরু নামিয়েছিল, তবে ছেড়ে দেওয়া হয়েছে। বেপারি তার গরু নিয়ে চলে গেছেন। তবে কাউকে মারধর করা হয়নি।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফউদ্দিন জাগো নিউজকে বলেন, বিষয়টি আমি অবগত। আমাদের থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তবে বেপারিকে মারধর করার বিষয়টি এখনো নিশ্চিত হতে পারিনি।
সূত্র: জাগো নিউজ

