রাজধানীর মোহাম্মদপুরে বাসার সামনে ছিনতাইয়ের ঘটনায় নারায়ণগঞ্জের বন্দর থেকে দু’জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় বন্দরে পৃথকভাবে অভিযান চালিয়ে তাদের দু’জনকে গ্রেপ্তার করে র্যাব ও পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: আনোয়ার হোসেন ও জুয়েল ওরফে সোর্স জুয়েল।
এর আড়ে শনিবার গভীর রাতে বাস থেকে ঢাকার শ্যামলীতে নামেন ঠাকুরগাঁও থেকে আসা দুই নারী। পরে রিকশায় করে মোহাম্মদপুরের নূরজাহান রোডের বাসার সামনে গেলে তারা ছিনতাইকারীদের কবলে পড়েন।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ছিনতাইকারীদের শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে সোমবার ছিনতাইয়ের শিকার এক এক নারী মোহাম্মদপুর থানায় মামলা করেন।
পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, “মঙ্গলবার দুপুর থেকে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।”
তিনি মোহাম্মদপুর এলাকার একাধিক ছিনতাইয়ের ঘটনায় জড়িত বলে দাবি পুলিশের।
তার কাছে ছিনতাইয়ে ব্যবহৃত ২টি চাপাতি পাওয়া গেছে। এছাড়া তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া মালামালসহ ৩টি ব্যাগ উদ্ধার করা হয়।
এদিকে একই এলাকা থেকে জুয়েলকে গ্রেপ্তারের তথ্য দিয়ে র্যাবের এক কর্মকর্তা বলেন, তাকে নিয়েও ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
সূত্র: প্রেস নারায়ণগঞ্জ।

