বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার সদস্যসচিব তাহমিদ আনোয়ার এক বিবৃতিতে বলেছেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অগণতান্ত্রিকভাবে নির্দিষ্ট রাজনৈতিক দলের ব্যক্তিদের স্কুল ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে, যা গভীর উদ্বেগের বিষয়।
তিনি বলেন, অতীতেও আওয়ামী লীগ সরকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দলীয় স্বার্থে ব্যবহার করেছে। এর ফলে শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশ, নিরপেক্ষতা এবং শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই ধরনের প্রবণতা আবারও দেখা যাচ্ছে, যা দেশের শিক্ষা ব্যবস্থার জন্য অশনি সংকেত হিসেবে বিবেচিত হতে পারে।
তাহমিদ আনোয়ার আরও বলেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে যে কেউ শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হয়ে যাবে এমন সংস্কৃতি বন্ধ করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা ব্যবস্থা অবশ্যই গণতান্ত্রিক, স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক হতে হবে। অন্যথায় শিক্ষাঙ্গন তার নিরপেক্ষ চরিত্র হারাবে এবং শিক্ষার্থীদের মধ্যে বিভাজন সৃষ্টি হবে।
তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

