নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন দক্ষিণ শিয়াচর লালখাঁ এলাকায় অবস্থিত ‘জান্নাতুল বাকি’ কবরস্থানে জেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষ বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পরে কবরস্থান সংলগ্ন এলাকায় প্রতীকী বৃক্ষরোপণও করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান গাফফারী, জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলা সংগঠক সোহাইল ইসলাম ইফতি এবং জাতীয় শ্রমিক শক্তি নারায়ণগঞ্জ জেলা সদস্য সজিব হুসেন ইবু ও রাকিব মোল্লা।
এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হাসান সিকদার, জাতীয় নাগরিক পার্টি ফতুল্লা থানা শাখার সদস্য তারেক, মেহেদী, রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা জেলা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে নিজ নিজ এলাকায় আরও বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
কর্মসূচির শেষে উপস্থিত ব্যক্তিদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় এবং জান্নাতুল বাকি কবরস্থান এলাকায় বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

