নারায়ণগঞ্জের ফতুল্লায় সরকারবিরোধী মিছিলের ঘটনায় ২৭ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শনিবার (১৩ জুন) সকালে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন। মামলায় ঘটনাস্থল থেকে আটক দুইজনকে গ্রেফতার দেখানো হয়েছে। তারা হলেন শাকিল হোসেন ওরফে রাব্বি (২২) এবং মো. আফজাল হোসেন (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ফতুল্লার আদর্শনগর এলাকার তানিন কুঞ্জ সড়কে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের নেতাকর্মীরা সরকারবিরোধী মিছিল বের করে। এ সময় স্থানীয়দের সহায়তায় দুইজনকে আটক করা হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য ও সমর্থক হিসেবে নিজেদের পরিচয় দেয় এবং ঘটনার সঙ্গে আরও অনেকে জড়িত ছিল বলে তথ্য পাওয়া গেছে।
মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন তানভীর (২২), জীবন (৩০), রাকিব (১৯), রকি (২২), মোজাহের মোল্লা (২৬), আরিয়ান খাঁন ওরফে আদর (২৮), রবি রায়হান (৩০), শেখ রাসেল ক্রীড়া চক্র কুতুবপুর ইউনিয়নের সভাপতি জাহিদ (৩০), নেহাল (২৫), ইকবাল (৩০), রাজিব তালুকদার (৪৫), অপু (২৯), শাকিল (৩০), বাবু (৩০), জসিম (৩২), রাসেল (৩৫), রিয়াজ (২৬), ইমরান (৩০), সুমন (৩২), তুষার (৩০), সফিক (২৫), রিয়াজুল (৪০), মালেক (৫০), সুমন (৪০) ও জিহাদ (৩০)। পাশাপাশি অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকেও আসামি করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, মামলাটি গ্রহণ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে মামলাটি ঘিরে রাজনৈতিক প্রভাব ও প্ররোচনার বিষয়েও কিছু অভিযোগ উঠেছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।

