নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিক শিল্পনগরী ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে আতঙ্কের নাম হিসেবে পরিচিত চিহ্নিত ছিনতাইকারী মামুন ইসলাম বিশু অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে। বুধবার (১৭ জুন) ভোরে ফতুল্লা মডেল থানার একটি বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, ২০২৫ সালের ৩০ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে বিসিক শিল্পনগরীর পানির ট্যাংকি গলিতে গার্মেন্টস শ্রমিক জিহাদ আলমকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের চেষ্টা চালায় বিশুসহ তার সহযোগীরা। এ সময় জিহাদের চিৎকার শুনে বিসিকের নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ডরা এগিয়ে এলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়।
অভিযোগ রয়েছে, ছিনতাইয়ে বাধা দেওয়ায় সিকিউরিটি গার্ডদের ওপর সংঘবদ্ধ হামলা চালায় বিশুর নেতৃত্বাধীন দল। ধারালো অস্ত্র নিয়ে হামলাকারীরা কয়েকজন নিরাপত্তাকর্মীকে কুপিয়ে গুরুতর আহত করে। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
এ ঘটনায় সিকিউরিটি গার্ড মো. শাহজাহান আলী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে মামুন ইসলাম বিশু, বড় রুবেল, ছোট রুবেল, নাঈম ওরফে লিমন, রানা, রিয়াদ বাবু, আরিফ বাবুসহ ১৫ থেকে ২০ জনকে অভিযুক্ত করা হয়।
তবে হামলার পরপরই অন্যান্য সিকিউরিটি গার্ড ঘটনাস্থলে ছুটে এসে চারজন ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হন। একই সঙ্গে আহত দুই নিরাপত্তাকর্মীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানায়, মামলার প্রধান আসামি মামুন ইসলাম বিশু দীর্ঘদিন আত্মগোপনে ছিল। অবশেষে বুধবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
স্থানীয় সূত্রের দাবি, বিশু এলাকায় একটি রাজনৈতিক সংগঠনের কিছু নেতাকর্মীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। যদিও এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
এলাকাবাসীর প্রত্যাশা, বিশুর গ্রেফতারের মাধ্যমে বিসিক শিল্পনগরী এলাকায় ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযান আরও জোরদার হবে।
বিসিকে ত্রাসের রাজত্বের অবসান হবে? অবশেষে গ্রেফতার ‘চিহ্নিত ছিনতাইকারী’ বিশু
লেখক: নারায়ণগঞ্জ প্রতিনিধি

