নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীর একটি শাখা নদী থেকে পা বাঁধা এবং কোমরে বস্তা জড়ানো অবস্থায় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হলেও, শনিবার সন্ধ্যা পর্যন্ত তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার (২০ জুন) দুপুরের দিকে উপজেলার খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ বাজারসংলগ্ন স্থানীয়ভাবে পরিচিত ‘মরা গাং’ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, নদীতে কচুরিপানার মধ্যে একটি মরদেহ ভাসতে দেখে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ এবং খাগকান্দা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করেন। পরে নৌ পুলিশ প্রয়োজনীয় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ চলছে। এ বিষয়ে সিআইডি ও পিবিআই নারায়ণগঞ্জকে অবহিত করা হয়েছে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, কয়েক দিন আগে দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যা করে নদীতে ফেলে রেখে যেতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রহস্য উদ্ঘাটন ও নিহতের পরিচয় শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

