নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে আটক করেছে পুলিশ। শনিবার (২১ জুন) দুপুরে রাজধানী থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তাকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ।
পরে বিকেল ৫টার দিকে তাকে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির একাধিক অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে এসপি কার্যালয়ে আনা হয়।
তিনি বলেন, “ঢাকায় তাকে পেয়ে আমাদের সঙ্গে আসার জন্য সহযোগিতা কামনা করা হলে তিনি সহযোগিতা করেন।”
পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সজীবকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে। তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

