মুন্সীগঞ্জের মেঘনা নদীতে বিকল হয়ে পড়া একটি লঞ্চ থেকে নারী ও শিশুসহ প্রায় ৮০ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে নৌ পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে দ্রুত অভিযান চালিয়ে যাত্রীদের উদ্ধার করা হয়।
সোমবার (২২ জুন) বিকেলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পুলিশ পরিদর্শক ও গণমাধ্যম-জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার।
তিনি জানান, বিকেলে মেঘনা নদী থেকে সেলিম হোসেন নামে এক যাত্রী ৯৯৯ নম্বরে ফোন করে জানান, ‘মকবুল-২’ নামে একটি ছোট লঞ্চে করে তারা চাঁদপুর থেকে নারায়ণগঞ্জে ফিরছিলেন। পথে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীর ষোলআনি এলাকায় পৌঁছালে লঞ্চটি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়ে। লঞ্চটিতে নারী ও শিশুসহ প্রায় ৮০ জন যাত্রী ছিলেন।
খবর পাওয়ার পর ৯৯৯ কর্তৃপক্ষ বিষয়টি তাৎক্ষণিকভাবে মুন্সীগঞ্জের গজারিয়া নৌ পুলিশ ফাঁড়িকে অবহিত করে। ৯৯৯-এর কলটেকার কনস্টেবল ফারজানা কলটি গ্রহণ করেন এবং পুলিশ ডিসপ্যাচার এএসআই শহিদুল ইসলাম উদ্ধার কার্যক্রমে সমন্বয় ও তদারকি করেন।
পরে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় চাঁদপুর থেকে নারায়ণগঞ্জগামী ‘এমডি আল-মাহবুব’ নামে একটি লঞ্চ থামিয়ে বিকল লঞ্চের যাত্রীদের নিরাপদে স্থানান্তর করা হয়।
নৌ পুলিশ সূত্র জানায়, উদ্ধার হওয়া সব যাত্রী সুস্থ ও নিরাপদ রয়েছেন। দ্রুত পদক্ষেপ ও সমন্বিত উদ্যোগের ফলে কোনো ধরনের দুর্ঘটনা বা হতাহতের ঘটনা ঘটেনি।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কর্মকর্তারা বলেন, যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা পেতে নাগরিকদের ৯৯৯ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হচ্ছে।

