নারায়ণগঞ্জ বুলেটিন ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর বাড়ৈইভোগ এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৫১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে স্থানীয়ভাবে পরিচিত ‘হোটেল মাসুদ’ নামে পরিচিত এক ব্যক্তিও রয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) ভোর আনুমানিক ৬টা ৪৫ মিনিটে ফতুল্লা থানাধীন মাসদাইর বাড়ৈইভোগ খানকার মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পশ্চিম মাসদাইর বারৈইভোগ (খানকার মোড়) এলাকার বাসিন্দা মো. মাসুদ ওরফে হোটেল মাসুদ (৪০) এবং শিবু মার্কেট ব্যাংক মোড় এলাকার সোনা মিয়ার বাড়ির বাসিন্দা মো. রাকিবুল ইসলাম অপু (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই নন্দন চন্দ্র সরকার, এসআই শামীম হোসাইন, এসআই রফিক (পিপিএম) এবং সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।
অভিযান চলাকালে হোটেল মাসুদের বসতবাড়ির নিচতলার একটি কক্ষে তল্লাশি চালিয়ে ১ হাজার ৫১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রাথমিক যাচাই (পিসিপিআর) অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

