নিজের প্রকৃত পরিচয় গোপন করে ভুয়া কাগজপত্রের মাধ্যমে বাংলাদেশি নাগরিক পরিচয়ে ই-পাসপোর্ট সংগ্রহের চেষ্টার অভিযোগে তানজিনা আক্তার সেতারা (২৪) নামে এক রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
সোমবার (২৭ জুলাই) নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্টের আবেদন করতে গেলে কাগজপত্র যাচাইয়ের সময় কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে যাচাই-বাছাই শেষে তাকে আটক করা হলে বিষয়টি ফতুল্লা মডেল থানাকে জানানো হয়। পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সনজিব জোর্যাদ্দার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী নিজেকে মিয়ানমারের নাগরিক এবং কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে স্বীকার করেন।
তিনি আরও জানান, ভুয়া তথ্য প্রদান এবং জাল কাগজপত্র ব্যবহার করে ই-পাসপোর্ট সংগ্রহের চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারায় ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত নারী ভুয়া পরিচয় ও জাল কাগজপত্র ব্যবহার করে বাংলাদেশি নাগরিক পরিচয়ে ই-পাসপোর্ট সংগ্রহের চেষ্টা করেছিলেন। তবে পাসপোর্ট অফিসের কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়ায় বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

