মেয়াদোত্তীর্ণ রং দিয়ে কেক তৈরি, মাংসের সঙ্গে একই ফ্রিজে কেকের উপকরণ!
রোববার (২৩ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের পঞ্চবটি গুলশান রোড এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিমূলক অভিযানে ‘কুক ফর ইউ’ নামের কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রতিষ্ঠানের কেক তৈরিতে মেয়াদোত্তীর্ণ ফুড কালার ও মেয়াদোত্তীর্ণ বেকারি কালার পেস্ট ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা কেক তৈরির বিষয়ও ধরা পড়ে।
অভিযান সংশ্লিষ্টরা জানান, প্রতিষ্ঠানের ফ্রিজে মাংসের সঙ্গে কেক তৈরির সামগ্রী একত্রে সংরক্ষণ করা হচ্ছিল। খাদ্য প্রক্রিয়াকরণে এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক বলেন, জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের তদারকিমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

