‘উৎসব’ ও ‘বন্ধন’ পরিবহনে ভাড়া নিয়ে ক্ষোভ, শিক্ষার্থীদের ৩০ টাকা হাফ পাস ও বিআরটিসি বাস বাড়ানোর দাবি
ঢাকা নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী ‘উৎসব’ ও ‘বন্ধন’ পরিবহনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা। সংগঠনটির দাবি, সাধারণ যাত্রীদের ভাড়া ৬০ টাকা এবং শিক্ষার্থীদের ভাড়া ৪০ টাকা করার সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের পর আগের ভাড়া ৫৫ টাকা ও শিক্ষার্থীদের জন্য ৩৫ টাকা বহাল রাখা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার আহ্বায়ক মৌমিতা নূর ও সদস্য সচিব তাহমিদ আনোয়ার এসব কথা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ অভিযোগ করেন, নারায়ণগঞ্জের পরিবহন খাত ‘উৎসব’ ও ‘বন্ধন’ পরিবহনের একচেটিয়া নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। সাধারণ যাত্রীদের কাছ থেকে ইচ্ছামতো ভাড়া আদায়ের মাধ্যমে পরিবহন মালিকরা অতিরিক্ত অর্থ আদায়ের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তারা।
তারা বলেন, হঠাৎ করে সাধারণ যাত্রীদের ভাড়া ৬০ টাকা এবং শিক্ষার্থীদের কাছ থেকে ৪০ টাকা আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর বিরুদ্ধে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার আন্দোলন ও তদারকির মুখে আগের ভাড়া বহাল রাখা হয়েছে। সংগঠনটি এ ঘটনাকে ছাত্র জনতার প্রাথমিক বিজয় হিসেবে উল্লেখ করেছে।
ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দ আরও বলেন, প্রশাসনের নাকের ডগায় পরিবহন সিন্ডিকেট সাধারণ যাত্রীদের জিম্মি করার চেষ্টা করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগেই পরিবহন মালিকরা বারবার ভাড়া নিয়ে নিজেদের মতো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাচ্ছে বলে অভিযোগ করেন তারা।
তারা অবিলম্বে নারায়ণগঞ্জের পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং প্রাইভেট বাস মালিকদের একচেটিয়া আধিপত্য বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
দুই দফা দাবি
বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে প্রশাসনের কাছে দুই দফা দাবি জানানো হয়।
দাবিগুলো হলো, ঢাকা নারায়ণগঞ্জ রুটে সাধারণ যাত্রীদের ভাড়া কোনোভাবেই ৫৫ টাকার বেশি না করা এবং শিক্ষার্থীদের জন্য কোনো অজুহাত বা শর্ত ছাড়াই ৩০ টাকা হাফ পাস কার্যকর করা।
অন্যদিকে, যাত্রীদের যাতায়াত সহজ করা এবং প্রাইভেট বাসের একচেটিয়া নিয়ন্ত্রণ কমাতে নারায়ণগঞ্জ রুটে সরকারি বিআরটিসি বাসের সংখ্যা দ্রুত বাড়ানোর দাবি জানানো হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, শিক্ষার্থীদের জন্য ৩০ টাকা হাফ পাস কার্যকর এবং নারায়ণগঞ্জ রুটে বিআরটিসি বাস বাড়ানোর দৃশ্যমান পদক্ষেপ নেওয়া না হলে সাধারণ ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামবে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
প্রয়োজনে ‘উৎসব’ ও ‘বন্ধন’ পরিবহনের চাকা বন্ধসহ নারায়ণগঞ্জজুড়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও বিবৃতিতে জানানো হয়।

